আকবর হায়দার কিরণ প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:৪০ এএম

নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন তিনি। অনেক দিন হলো গান গাইছেন না। ষাটের দশক থেকে গান করছেন শবনম মুশতারী। দীর্ঘ সংগীতজীবনে তার আধুনিক ও নজরুল সংগীতের ১০টি অ্যালবাম বেরিয়েছে। তার গাওয়া জনপ্রিয় নজরুলসংগীতগুলোর মধ্যে রয়েছে ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘আমায় নহে গো ভালোবাস’, ‘মনে পড়ে আজ’, ‘তুমি শুনিতে চেয়ো না’, ‘সবার কথা কইলে’।
শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। তার বাবা কবি তালিম হোসেন ও মা কথাসাহিত্যিক, সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর বড় মেয়ে তিনি। মাফরুহা ছিলেন দৈনিক বাংলা পত্রিকার নারী পাতার সম্পাদক। শবনমের এক ছেলে ও এক মেয়ে আছে। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলসংগীত শিল্পী। বিখ্যাত রেকর্ড কোম্পানি এইচএমভি তার ‘লাইলি তোমার এসেছে ফিরিয়া’-এর লং প্লে প্রকাশ করে। এই লং প্লে আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। নিউইয়র্ক থেকে তার গানের অ্যালবাম ‘বেস্ট অব শবনম মুশতারী’ প্রকাশ করেছিল মুক্তধারা। এক সময় বাবার নামে করা ‘কবি তালিম হোসেন ট্রাস্ট’ থেকে কয়েকজন শিক্ষার্থীকে নজরুলসংগীতে তালিম দিয়েছেন তিনি।
নজরুল সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে তিনি ‘একুশে পদক’ পান। ২০১৫ সালে পান ‘নজরুল পুরস্কার’। অসুস্থ শিল্পী দেখতে তার বাসায় গিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম। শিল্পীর ধানমন্ডির বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা-সহায়তা হিসেবে ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক দিয়ে আসেন। #শবনম_মুশতারী #নজরুলসংগীত #বাংলা_সংগীত #একুশে_পদক #নজরুল_পুরস্কার #কাজী_নজরুল_ইসলাম #বাংলাদেশের_গর্ব #সংস্কৃতি #সাংস্কৃতিক_অঙ্গন #কিংবদন্তি_শিল্পী #ডিমেনশিয়া #শিল্পী_কল্যাণ #বাংলাদেশ #শ্রদ্ধা #দ্রুত_সুস্থতা_কামনা নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন তিনি। অনেক দিন হলো গান গাইছেন না।