তোমরা বারণ করার কে

- জাকিয়া রহমান

 

তোমরা বারণ করার কে  

আমার কতই না আছে দু চোখ ভরা স্বপ্ন  

আমি তাই তা বাস্তবায়নে হয়েছি মগ্ন  

 

তোমরা বারণ করার কে  

আমার আছে তন্বী দেহ আর সুষমা দেহে   

জড়াবো শাড়ী যেন নদী বয়ে যায় মোহে  

 

তোমরা বারণ করার কে  

শাড়ী ঐতিহ্য আমার হাজার বছর পুরানো    

আমার দেহের বঙ্কিম রেখা তবেই সাজবে জেন   

 

তোমরা বারণ করার কে  

আমার দীঘল চোখে সাজবে কত ঘন কাজল   

জ্বলবে কপালে টিপ রূপের ছটার যেন মাদল   

 

তোমরা বারণ করার কে  

আলতা পরে রঙিন ঠোঁটেই হাসবো আমি ঢের  

ছন্দে ছন্দে আমার উঠোনে নাচবো আমি ফের  

 

তোমরা বারণ করার কে  

যতই পারি বাড়াবো আমার জ্ঞানের বহর   

সে হবে আমার সম্পদ সম্ভার সারা জীবন ভর   

 

তোমরা বারণ করার কে  

মাথা উঁচু করে মানুষ হবো হাঁটবো পথে  

ছাড়বো না অধিকার চলব সটান নিজের রথে  

 

তোমরা বারণ করার কে

বল তোমরা বারণ করার কে?