বাংলাদেশি তরুণদের জাপানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ সহজ ও কাঠামোবদ্ধ করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট” শীর্ষক গোলটেবিল আলোচনা। শনিবার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এ সংলাপের মাধ্যমে বাংলাদেশ–জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিল আরভিং এডুকেশন ও প্রবাসী সেবা লিমিটেড। সংলাপে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ভাষা প্রশিক্ষণ বিশেষজ্ঞ এবং শিল্পখাতের নেতারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

বিশেষ অতিথি ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, বিজেকেসি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ জাপান-কেন্দ্রিক ক্যারিয়ার ইকোসিস্টেম হিসেবে কাজ করবে। এটি শিক্ষা, প্রশিক্ষণ, নিয়োগকর্তা এবং আগ্রহী তরুণদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।

বিজেকেসির মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সনদায়ন, ক্যারিয়ার পরামর্শ, নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ এবং অভিবাসন-সংক্রান্ত সহায়তা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানানো হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন, জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিজেকেসিকে একটি কার্যকর সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বিষয়ে অংশগ্রহণকারীরা ঐকমত্য প্রকাশ করেন।