বিপদের সময় তারা যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে আসে না, ট্রাম্পের আক্ষেপ!   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র প্রায়ই অন্য দেশগুলোকে সুরক্ষা দেয়। কিন্তু বিপদের সময় সেই দেশগুলো যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এগিয়ে আসে না।   ইরানের অবরোধে আটকে পড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে অন্য দেশগুলোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তারা সহায়তা করতে আগ্রহ দেখাচ্ছে না ।   তিনি বলেন, ইরান যেন এই গুরুত্বপূর্ণ জলপথ আটকে রাখতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সক্ষমতার ওপর ব্যাপক হামলা চালিয়েছে। তবু এ বিষয়ে অন্য দেশগুলোর কাছ থেকে তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না।  যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, আমরা ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

আমি অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছি আমাদের এই প্রণালিতে সহায়তা করতে। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না। তারা বলছে, তারা এতে জড়িত হবে না।  ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির বিষয়ে তিনি অন্য দেশগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছেন শুধু প্রয়োজনের কারণে নয়। বরং তারা কীভাবে প্রতিক্রিয়া জানায় সেটাও দেখতে চেয়েছেন।  এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানান ট্রাম্প। তার দাবি, উপদেষ্টা ও গণমাধ্যমের কাছ থেকে তিনি শুনেছেন, সাম্প্রতিক হামলায় খামেনি আহত হয়েছেন কিংবা তার একটি পা হারানোর খবরও শোনা যাচ্ছে। ট্রাম্প বলেন, তিনি মারা গেছেন কি না আমরা জানি না। কেউ তাকে দেখেনি, যা অস্বাভাবিক।  তবে বার্তা সংস্থা রয়টার্স এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলেছে—খামেনি সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।