NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ভোটের আগেই ভোটের অভিযোগ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

ভোটের আগেই ভোটের অভিযোগ

 রাতের প্রথম প্রহরেই বেশকিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ব্যালট পেপার খোলা, ফলাফল শিটে স্বাক্ষর, ভোটারদের অর্থ বিতরণ ও জামায়াত নেতাকে প্রিজাইডিং অফিসার করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। নারায়ণগঞ্জ, সিলেট, ঝিনাইদহ ও পটুয়াখালীসহ দেশের বেশকিছু স্থান থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক জামায়াত নেতার ব্যালট খোলার অভিযোগ নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সিলেটে বেশকিছু কেন্দ্রে রাতেই নানা অনিয়মের অভিযোগে উত্তেজনা দেখা দেয়। ঝিনাইদহে আগাম স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসারকে অপসারণ করা হয়। কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ একজনকে আটক করা হয়।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভোটের আগের রাতে একটি কেন্দ্রে ব্যালট পেপার খোলার অভিযোগ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্যালট পেপার খোলা হয়েছে এমন অভিযোগ তুলে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়। বুধবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুলের ভোটকেন্দ্র-২ এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ছুটে যান সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওতে কেন্দ্রের ভোটকক্ষের মেঝেতে কয়েকটি বাক্সে ব্যালট বই পড়ে থাকতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূইয়ার বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বশিরুল হক ভূইয়া পূর্বে সিদ্ধিরগঞ্জ থানা শাখা জামায়াতে ইসলামির সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে তিনি এক স্কুলের প্রধান শিক্ষক। সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের আগের রাতে ব্যালট পেপার ও ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নিয়মিত কার্যক্রম চলছিল। এ সময় কেন্দ্রের ভেতরে কোনো বহিরাগত ছিল না এবং কোনো দলীয় আলোচনা বা অনিয়মের ঘটনা ঘটেনি বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটার তালিকার সঙ্গে ব্যালট পেপার মিলিয়ে দেখা হচ্ছিল এবং বিষয়টি তিনি নিজে উপস্থিত থেকে যাচাই করেছেন।

প্রিজাইডিং অফিসারের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিধি মেনেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আগাম স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট সংক্রান্ত জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নতুন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান। এর আগে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করেছে প্রশাসন। বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম বলেন, খবর পেয়ে কেন্দ্রে গিয়ে ২৩টি স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ করা হয়েছে। সেগুলো তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, মধ্যরাতের পর সিলেটের ৬টি নির্বাচনী আসনের বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে। রাত ১১ টায় জৈন্তাপুরের ভিত্রিখেল ভোট কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন সহ দুইজন কেন্দ্র রেখে জামায়াত নেতা নুর উদ্দিনের বাড়িতে গিয়ে বৈঠক করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে রাখে। পরে জৈন্তাপুর থানা পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। জেলা তাতীদলের সদস্য সচিব বিলাল আহমদ জানিয়েছেন- ঘটনাটি তার নিজ এলাকায় ঘটেছে। জৈন্তাপুর থানার এসআই রাজন এসে আটক থাকা দুই কর্মকর্তাকে থানায় নিয়ে গেছেন।

এদিকে- একই উপজেলার চিকনাগুলের ঠাকুরের মাটি গ্রামে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরনের সময় উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি ও স্থানীয় মেম্বার নজরুল ইসলামকে স্থানীয় জনতা আটক করেন। পরে পুলিশ এসে নজরুল ও তার সহযোগী বাদশাকে আটক করেছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে একটি ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়। তিনি স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে বিএনপি নেতা বলে দাবি করা হয়েছে। এছাড়া রেজাউলের ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উপস্থাপন করেছেন। তবে এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই বলে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে। তবে কাজল মৃধার দাবি করেছেন তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা রেখেছেন। কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।