আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ট্রাম্প বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরানোর পরিকল্পনা করছেন। এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “প্যাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
বন্ডি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন বন্ডি। তবে ট্রাম্প বরখাস্তের পেছনে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। বরং তিনি লিখেছেন, “আমরা প্যামকে ভালোবাসি” এবং শিগগিরই বন্ডি বেসরকারি খাতে ‘একটি গুরুত্বপূর্ণ পদে’ যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বন্ডির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন। এর আগে, গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প।