আকবর হায়দার কিরণ প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১১:৩৯ পিএম
নিউ ইয়র্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা নিতে সব ধরনের কনস্যুলার ফি কেবল ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেই পরিশোধ করতে হবে। কনস্যুলেট সূত্রে জানা যায়, এ সিদ্ধান্তের ফলে ওই তারিখ থেকে স্বশরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক আর গ্রহণ করা হবে না। তবে ডাকযোগে প্রেরিত আবেদনের জন্য এ নীতি প্রযোজ্য হবে না। ডাকযোগে আবেদনকারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী আগের মতো মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমেই ফি জমা দিতে পারবেন।
কনস্যুলেট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আসার সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না। এ বিষয়ে কনস্যুলেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমাদের লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, নিরাপদ ও সময়োপযোগী সেবা দেওয়া। ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হলে লেনদেন স্বচ্ছ হবে, দুর্নীতির সুযোগ কমবে এবং সেবাগ্রহীতাদের সময়ও বাঁচবে।" তিনি আরও জানান, ডাকযোগে আবেদনকারীদের জন্য পুরনো নিয়ম রাখার কারণ হলো—তারা অনেক সময় ব্যাংকিং সুবিধা থেকে দূরে থাকতে পারেন, তাই তাদের জন্য বিকল্প পথ খোলা রাখা হয়েছে।
কনস্যুলেট জেনারেল মোজাম্মেল হক প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এক বিবৃতিতে বলেছেন, "আমরা সর্বোচ্চ মানসম্পন্ন কনস্যুলার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তের সফল বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।" উল্লেখ্য, বর্তমানে নিউ ইয়র্ক কনস্যুলেটে পাসপোর্ট রিনিউ, ভিসা, এনওসি, পাওয়ার অফ অ্যাটর্নি, নাগরিকত্ব সংক্রান্ত সেবাসহ নানা কনস্যুলার সেবা প্রদান করা হয়। প্রতিদিন শত শত প্রবাসী বাংলাদেশি এসব সেবা নিতে কনস্যুলেটে আসেন। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে কনস্যুলেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।