NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

পুরান ঢাকার ডালপুরি-গোলগুল্লা-সিঙ্গারা...... লুৎফর রহমান রিটন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৮ এএম

পুরান ঢাকার ডালপুরি-গোলগুল্লা-সিঙ্গারা......  লুৎফর রহমান রিটন

পুরান ঢাকার ডালপুরি-গোলগুল্লা-সিঙ্গারা......

লুৎফর রহমান রিটন

জন্মেছি কবে সেই পুরনো ঢাকায়

কতো স্মৃতি রিকশার টায়ারে, চাকায়।

সরু সরু অলিগলি হাজারে হাজার

অবিরাম হইচই যেনো বা বাজার!

সুবেহ সাদেকের সুরে জেগে ওঠে পাড়া

জেগে ওঠে ডালপুরি আর সিঙ্গারা।

পুরান ঢাকা কি কভু থাকে নিশ্চুপ?

ঝাঁপ-তোলা হোটেলের খাপখোলা রূপ।

খুব বেশি আলো নেই তবু ঝলমল

থালা-বাটি-গ্লাসগুলো নয় উজ্জ্বল।

নড়বড়ে আসবাব চেহারা গরিব

তবু তার তরে সবে থাকে উদ্গ্রীব।

সারাদিন কতো লোক দলে দলে আসে

পরোটা ও ভাজি ওরা খুব ভালোবাসে।

পছন্দ তালিকায় আরো থাকে নান

ঝাঁপ তোলা হোটেলের ঘ্রাণ অফুরান!

সর ওঠা দুধ-চা-র নেই কোনো জুড়ি

সকালের নাস্তায় থাকে ডালপুরি।

ডালপুরি ডালপুরি ডাল ডাল ডাল

তোর সাথে শৈশব-যৌবন কাল

কাটিয়েছি আহা সেই মধুময় দিন

তোর স্মৃতি অবিনাশী চির অমলিন।

গোলগাল চেহারার ফুলো ফুলো ঢং

ডুবো তেলে ভাজা হলে হলুদাভ রঙ।

ভেতরে ডালের পুর হালকা প্রলেপ

মৃদু ঝাল জিভে জল করে নিক্ষেপ।

তোর সাথে ছিলো আরো গোলগুল্লারা

হালকা মিষ্টি স্বাদ রূপে চোখ কাড়া।

কিঞ্চিৎ ধোঁয়া ওঠা টাটকা গরম

ওপরটা মচমচে ভেতরে নরম।

লালচে খয়েরি রঙ কী যে উচ্ছ্বল

ডুবো তেলে ভাজা যেনো পিংপং বল।

সিঙ্গারা সিঙ্গারা তিনখানা শিং

তোকে জয় করেছিলো কোন তেনজিং?

তিনদিকে আহা তোর এভারেস্ট চূড়ো

তোকে খুব ভালোবাসে ছেলে আর বুড়ো।

সকলেরই প্রিয় তুই ওরে সিঙ্গারা

সাধ্য কি বেঁচে থাকি বল তোকে ছাড়া!

পেটের ভেতরে তোর কতো জাদু ভরা

রহস্য দেখে তোর চোখ ছানাবড়া।

কী করে ঢুকলো তোর পেটে এই পুর?

সিঙ্গারা রূপে গুণে স্বাদে ভরপুর।

পুরান ঢাকার স্মৃতি যায় কী রে ভোলা?

অটোয়ায় ছড়া লেখে ঢাকার এক পোলা...।

অটোয়া ১৬ নভেম্বর ২০২০

[ ছবিসূত্র/ গোলগুল্লার ছবিটি তুলেছেন আলোকচিত্রী আক্কাস মাহমুদ। ডালপুরি আর সিঙ্গারার ছবি দুটি ইন্টারনেট থেকে নেয়া। ]