হৃদয়ের দ্বারে

- জাকিয়া রহমান

 দেখ! জরাগ্রস্ত পুরনো হৃদয়ের বদ্ধ দ্বারে,

দাঁড়িয়ে নতুন বছর যাচে সম্ভাষণ সাদরে।  

ভেসে ভেসে আসে সময় সাগরে এই তার ইচ্ছা,  

মহাকালের স্রোতের টানে জানাতে শুভেচ্ছা।   

 

আহ্বান সদা নতুন করে ভালোবাসার সুখে,  

হাত বাড়িয়ে দাঁড়িয়ে উন্মুখ টেনে নেবে বুকে।  

জড়িয়ে ধরে বলবে ভুলে যাও বিভেদ অহংকার,  

আকুতি জানাবে ছুড়ে ফেল দম্ভের অলংকার।  

 

সাধবে হয়তো ভুলে যাও এসব করো আত্নশুদ্ধি,  

ন্যায় প্রদীপে করো উজালা সত্যের উপলব্ধি।  

বিশ্বাসের ইটে নতুন করে গড়ো ন্যায়ের ভিত্তি,   

মিথ্যা প্রহেলিকা ভুলে বুকে নাও বাস্তব সত্যি।  

 

নতুন সময়কে করো বরণ ঠাঁই দাও নতুন জীবন,    

ভুলে কপটতা বিশুদ্ধ স্তুতি হোক রোপণ।    

দূর হোক জীবনের নিঃস্বতা নতুন আলোকসম্পাতে,  

আসুক সমাধান হোক কলহের শিরশ্ছেদ ত্বরিতে।  

 

সহিষ্ণু হোক হৃদয় সবার ধরার মতো নব উত্থানে,

সময়ের সাগরে আসুক নতুন বরষ বৈশাখি উচ্চারণে।    

এসো এসো হে সখা সখি! এসো মুছে ফেলি কল্মষ,

 

হৃদয়ের দ্বার উন্মোচি জানাই সম্ভাষণ 'শুভ  নববর্ষ'।