কোপার্নিকাসের অঙ্ক কষা
- জাকিয়া রহমান
তবুও ঈদ আসে!
মাটির বুকে রক্তের স্রোত শুকিয়ে,
আকাশে বাতাসে কান্না হয়ে লুটায়।
হোক না ধর্ষিতা কেউ! হোক না কেউ লাঞ্ছিত!
কিংবা সর্বস্বান্ত সব কাছে কিছু হারিয়ে,
ঈদ তো সেই আসবেই!
যতদিন পৃথিবী নামক হতভাগ্য গ্রহ
ঘুরছে সূর্যের চতুর্দিকে,
কোপার্নিকাসের অঙ্ক কষা তো কখনোই ভুল হতে পারে না।
তাই কক্ষপথে চাঁদ পৃথিবীর সাথে সাথে
খেলে চলে লুকোচুরি-
রমজানের রোজার শেষে দেখা দেয়
বাঁকা অধরে হাসি মেখে।
মনে মনে সবে ভাবে, মন্ত্র যেন উচ্চারিত হয়-
সবাই হও এক! কিন্তু সবাই কি তা শুনতে পায়।
কিংবা বুঝতে চায় কি-
এ দুনিয়ায় আছে সবার সমান ভাগ?
ঈদ আসে, প্রতি বছর আসে!
কত হাজার বছর ধরে বাঁকা অধরে চাঁদ হাসে,
তোয়াক্কা করে না সে।
অপেক্ষায় রয়েছে কোন শিশু যুদ্ধের ধ্বংসস্তুপের ‘পর-
খুঁজছে তার মাতা পিতাকে,
বোমার আঘাতে তার হয়তো মাথায় লেগেছে টক্কর,
কিংবা হারিয়ে ফেলেছে একটি হাত।
তবুও ঈদ আসে আর ওই একটা নয়
অনেক হাজার শিশু ধ্বংসস্তূপের ‘পর তাদের মাতা পিতাকে খোঁজে…
তবুও ঈদ আসে।
কোপার্নিকাসের অংক কষা কখনোই ভুল করতে পারে না!
