শেষ সেশনে এক-এক করে ৭টি উইকেট তুলে নিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়ে পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ রানা। বাংলাদেশের দেয়া ২৬৮ রানের লক্ষ্যে সফরকারীরা তুলতে পারলো স্রেফ ১৬৩ রান। টাইগারদের জয় ১০৪ রানে। ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে এটিই প্রথম টেস্ট জয় বাংলাদেশের।    নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রানে শেষ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। একে একে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। শেষ সেশনের আগে আরেকটি উইকেট হারায় সফরকারীরা। ফলে শেষ সেশনে জয়ের জন্য পাকিস্তানের সমীকরণ দাঁড়ায় ১৫২ রান, বাংলাদেশের ৭ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। নাহিদের ফাইফারের পাশাপাশি ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।