আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেইজিংয়ে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে 'অল-চায়না উইমেন্স ফেডারেশন'। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে নারী-শক্তি ও চীনের উন্নয়নে তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফেডারেশনের প্রেসিডেন্ট শেন ইয়িছিন জানান, চীনের আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২০৩০) দেশের উন্নয়ন ও পুনর্জাগরণে কোটি কোটি চীনা নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, বিশ্ব নানা পরিবর্তন ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে নারী উন্নয়ন ও মানবসভ্যতার অগ্রগতিতে অবদান রাখতে চীন সব পক্ষের সঙ্গে সহযোগিতা ও আদান-প্রদান জোরদার করতে প্রস্তুত।

অনুষ্ঠানে প্রায় এক হাজারেরও বেশি অতিথি অংশ নেন। এর মধ্যে ছিলেন চীনের উচ্চপদস্থ নারী কর্মকর্তা, রাজনৈতিক পরামর্শক, কূটনীতিক এবং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও থেকে আসা নারী প্রতিনিধিরা।

সংবর্ধনা শেষে অতিথিরা একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চীন কীভাবে নারী ও কিশোরীদের ক্ষমতায়ন করছে এবং তাদের জীবনমান উন্নয়ন করছে, তা ফুটিয়ে তোলা হয়।

তথ্য ও ছবি: সিনহুয়া।